বিজেপি সরকারের সমালোচনা করায় পশ্চিমবঙ্গে ৩ কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

বিজেপি সরকারের সমালোচনা করায় পশ্চিমবঙ্গে ৩ কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
আকাশ সরকার-শ্রীময়ী চক্রবর্তী-সুরজিৎ শী। ছবি: সংগৃহীত।

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও দলটির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় পশ্চিমবঙ্গের তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী। তাদের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভূমিকা ও বাক্‌স্বাধীনতা নিয়ে রাজ্যজুড়ে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আকাশ সরকার গত ২৯ অক্টোবর তিন দিনের পুলিশ হেফাজত শেষে আদালত থেকে জামিন পান। অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় বিধাননগর পূর্ব থানা।

তবে এই দুজন মুক্তি পেলেও ‘কোর বাংলা জনগণঠা’ নামের জনপ্রিয় ফেসবুক পেজের উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় সুরজিতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সুরজিতের পরিবারের দাবি, তাকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীরা তাদের বাড়িতে হামলা চালান। পরে তাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সুরজিতের আইনজীবী ও স্বজনদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে আকাশ সরকারকে গ্রেপ্তার করা হয়। তার দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা ও প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় তাকে মামলায় ফাঁসানো হয়েছে।

এ ছাড়া ‘তিন বাটি’ রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন