রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহি আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছোটকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহি ছোটকুয়া গ্রামের আয়ব আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় মাহির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, বিষয়টি এখনো জানতে পারিনি। খোঁজখবর নিয়ে দেখছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

