পরীক্ষার বিতর্ক ও বারবার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভারত সরকারের নীতি ও ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক বিজেপি নেতা কে. আন্নামালাই। দেশে একাধিকবার প্রশ্নফাঁসের মতো বড় কেলেঙ্কারী ঘটার পরও কেন সরকারের কোনো দায়বদ্ধতা দেখানো হয়নি, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
বর্তমানে উই দ্য লিডার্স আন্দোলনের নেতৃত্ব দেওয়া আন্নামালাই দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় সরকারের দীর্ঘ নীরবতা ও ধীরগতির পদক্ষেপের সমালোচনা করেন।
তিনি বলেন, “বিক্ষোভ যখন বড় আকার ধারণ করে সংকটজনক পর্যায়ে পৌঁছাল, তখনই কেন অর্থবহ আলোচনা শুরু করা হলো? এতদিন অপেক্ষা করার কারণ কী ছিল?”
আন্নামালাই জানান, তিনি বরাবরই নীট পরীক্ষার পক্ষে ছিলেন, কারণ এটি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করে বলে তিনি মনে করতেন। তবে গত পাঁচ বছরে তিনবার নীট ইউজি’র প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণ করে যে ব্যবস্থার মধ্যে বড় ধরনের ত্রুটি রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের কোনো প্রকার দায়বদ্ধতা না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে চরম হতাশা ও বাধ্যবাধকতা থেকে রাস্তায় নেমে এসেছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে অবিলম্বে শিক্ষার্থীদের সঙ্গে স্বচ্ছ আলোচনায় বসার এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা ফিরিয়ে আনার জোর তাগিদ দেন তিনি।
একই সাথে আন্দোলনরত ছাত্র নেতাদের সতর্ক করে আন্নামালাই পরামর্শ দেন, যেন তারা সচেতন থাকেন এবং কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ব্যবহার করতে না পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


