ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে আসছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, তারা সরকার পরিবর্তন চান। তার এই বক্তব্যে বিক্ষোভকারীদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা এবং সিজেপির অভিজিৎ দীপকের পাশে বসে প্রশান্ত ভূষণ বলেন, ‘হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই।’
প্রশান্ত ভূষণের বক্তব্যের পর বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকালে লখনৌয়ে তিনি অভিযোগ করেন, বিরোধীদের লক্ষ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
রাজনাথ বলেন, ‘তারা (বিক্ষোভকারী গোষ্ঠীগুলো) বিশৃঙ্খলার রাজনীতিতে দেশের তরুণদের হাতের পুতুলে পরিণত করতে চেয়েছে। বাংলাদেশে যা ঘটেছিল, সেই আদলে তারা ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা করছে।’
তিনি আরো বলেন, বিক্ষোভকারীদের একজন সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই জানিয়েছেন, সরকার পরিবর্তনের ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আরেকজন নির্দ্বিধায় সরকার পতনের ডাক দিয়েছেন। এসব বক্তব্যেই তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকেও সতর্ক করেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘রাহুল গান্ধী ও তার সহযোগীদের বুঝতে হবে, গণতন্ত্র বিশৃঙ্খলা ছড়ানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করা কিংবা ভারতের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার কোনো ছাড়পত্র নয়।’
প্রশান্ত ভূষণের বক্তব্যের পর বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও। দলটির অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া সামনে রেখে আসলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার চেষ্টা করছেন রাহুল গান্ধী ও তার অনুসারীরা।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


