আ.লীগ কর্মীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ

আ.লীগ কর্মীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ

পিরোজপুরের জিয়ানগরে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী মো. মনির হোসেন ও তার ছেলের বিরুদ্ধে এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান ইব্রাহিম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের স্বজনেরা জানান, প্রায় এক বছর আগে জমি বিক্রির পর মনির হোসেন তার কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন। বৃহস্পতিবার ওই টাকা ফেরত দেওয়ার কথা বলে মনির তাকে বাড়ির সামনে ডেকে নেন। সেখানে গেলে মনির হোসেন ও তার ছেলে লোহার লাইট দিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, মনির হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেয়র আবদুল মালেক হাওলাদারের পালকপুত্র ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিভিন্ন সময়ে বিএনপি ও জামায়াতের পরিচয় ব্যবহার করে চলাফেরা করেন বলে অভিযোগ করেন তারা।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মনির হোসেন। তিনি বলেন, তিনি কারও কাছ থেকে কোনো টাকা পান না। প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে দুজনের মধ্যে হাতাহাতি হয়।

এ বিষয়ে জিয়ানগর থানার ওসি মহব্বাত খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন