দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এ সময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রশাসন ভবনে মহড়াও দেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও দেশ গড়’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’, ‘নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন বলেন, যেসব ফ্যাসিস্ট শিক্ষক এখনো দেশে অপতৎপরতা চালাচ্ছেন, তাদের অনতিবিলম্বে গ্রেফতার ও চাকরিচ্যুত করতে হবে।
তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এসব ফ্যাসিস্ট শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, হবে না, হবে না। একই সঙ্গে এই দেশেও তাদের ঠাঁই হবে না।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

