প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন।

বিজ্ঞাপন

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, “আজকের প্রোগ্রামটি খুবই ভালো একটি উদ্যোগ। আমরা ভাবি সমাজ পরিবর্তন করব। সমাজ পরিবর্তন করতে যা যা লাগে, তার মধ্যে আজকের উদ্যোগও একটি। এ জন্য আমি ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আজকে এখানে যারা মাইন্ড কোচ আছেন এবং ড. মেছবাহসহ সমাজের জন্য যারা কাজ করে যাচ্ছেন, আমি সবাইকে অ্যাপ্রিশিয়েট করি।”

তিনি ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ বইটির প্রশংসা করে বলেন, “আমি চাইব, এরকম একটি বই আমার লাইব্রেরিতে থাকুক।” তিনি আরও বলেন, “বইয়ের কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে। যেমন—‘চিন্তা আমার শত্রু নয়’, যা ড. মেছবাহর একটি স্টেটমেন্ট। এটা আমরা কয়জন ভাবি? আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম হয় না, খাওয়া-দাওয়া হয় না। চিন্তা যে আমাদের শত্রু নয়, এটা বড় একটি ফিলিংয়ের বিষয়। এই বইটিকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এক দারুণ সূচনা হবে।”

তিনি বলেন, “ব্যাধিই সংক্রামক… স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায়, এই বিষয়টি আমরা ভুলেই গেছি। যদি নিজেকে ভালোবাসি, নিজেকে রিয়ালাইজ করি; আমি যদি মনে করি ‘আই ক্যান ডু ইট’, তাহলে আমরা আসলেই কাজটি করতে পারব। এ জন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা জরুরি।”

ফারজানা শারমিন আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা ও নৈতিকতার শিক্ষা দিয়ে, পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে। সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি না আমরা নিজেরা যে যার জায়গা থেকে পরিবর্তন হই।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন বলেন, “মেন্টাল ওয়েলবিইং নিয়ে বাংলাদেশের পার্সপেকটিভে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। তবে বৈশ্বিকভাবে মেন্টাল হেলথকে খুব গুরুত্ব দেওয়া হয়। মানসিকভাবে অসুস্থ হওয়ার আগেই আমরা যদি মেন্টাল স্ট্রেস নিয়ে কাজ করতে পারি, সেটিই সবচেয়ে উত্তম।”

তিনি আরও বলেন, “ডিফোকাসসহ নানা স্ট্র্যাটেজিক পদ্ধতিতে স্ট্রেস কমানোর বিষয়টি নিয়ে কাজ করার জন্য আমি মেছবাহকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন ও ওয়েলবিইং পাবলিকেশনের কাজ দুটি উদ্দেশ্য পূরণ করছে। একটি হলো মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা, দ্বিতীয়ত, সারা বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা।”

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, “পৃথিবীতে ওয়েলনেস প্রয়োজন নেই—এমন কোনো প্রাণী নেই। তবে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো কাজ নেই। ব্যক্তির ওয়েলনেস পরিবার, সমাজ—সব ক্ষেত্রেই প্রভাব ফেলে।”

তিনি বলেন, “আমাদের সামাজিক ও আর্থিক যে অবস্থা, যদিও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন আসছে, কিন্তু আমাদের মানসিক ওয়েলনেস ও সফট স্কিল ধীরে ধীরে কমে যাচ্ছে। আজ যারা মাইন্ড মাস্টার হয়েছেন, তাদের কাছে বলছি—ওয়েলনেসকে মানুষের মধ্যে সংক্রামকের মতো ছড়িয়ে দেবেন।”

অনুষ্ঠানে ড. মেছবাহ উদ্দিন বলেন, “আমরা এমন একটি সময়ে বাস করছি, যখন ইনফরমেশনের অভাবের চেয়ে মেন্টাল ওভারলোড এবং মেন্টাল নয়েজ একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’-এর মূল মেসেজ হলো—‘আপনার চিন্তার সঙ্গে লড়াই না করে, বরং সেগুলোকে পরিচালনা করতে শিখুন।’”

তিনি আরও বলেন, মানুষের ওয়েলবিইংকে বিচ্ছিন্নভাবে না দেখে সামগ্রিকভাবে দেখা জরুরি। এই দর্শন থেকেই ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন মানুষের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পেশাগত, পরিবেশগত এবং পারিবারিক ওয়েলবিইং—জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডাইমেনশন নিয়ে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তন তৈরিতে কাজ করছে।

ফাউন্ডেশনের বৃহত্তর লক্ষ্য প্রসঙ্গে ড. মেছবাহ উদ্দিন বলেন, “আমাদের মিশন—এমপাওয়ার ওয়েলনেস অ্যান্ড ট্রান্সফর্ম ১০০ মিলিয়ন লাইভস। আমরা বিশ্বাস করি, একজন মানুষের ইতিবাচক ট্রান্সফরমেশন তার পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজেও ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে।”

অনুষ্ঠানে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মি. শের শাহসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন