ফেনীতে স্ত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) জেলার দাগনভূঞা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. শাহ পরান ফয়সাল প্রকাশ ওরফে সাদ্দাম হোসেন (৪০) দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
রোববার (২৬ জুলাই) শহরের মহিপাল ফ্লাইওভারের নিচে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত নূর নবী হোসেন (৩০) ভোলা সদরের নিচ কাছিয়া গ্রামের আবদুর রবের ছেলে। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তিনি ফেনীতে এসে বোতল কুড়িয়ে ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচে নূর নবী ও তার স্ত্রী বিবি ফাতেমা ঘুমিয়ে ছিলেন। এ সময় আসামি ফয়সাল এসে ফাতেমার শ্লীলতাহানির চেষ্টা করে। এতে বাধা দিলে নূর নবীর সঙ্গে ফয়সালের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়সাল ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে নূর নবীর পেটের দুই পাশে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত নূর নবীকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় দাগনভূঞা থেকে ঘাতক ফয়সালকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন সে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহিপাল ফ্লাইওভারের নিচের একটি পরিত্যক্ত গর্ত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুটি উদ্ধার করে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ এর আগেই ৭টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

