ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে টানা ২০ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, কয়েকটি পরীক্ষা বাতিল ও সিবিআই বা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে প্যানেল গঠন করে স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা ।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী রঘুবর দাস এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের দাবি না মানলে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন।
রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন দমনের অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের পাল্টা অভিযোগ করেছে ঝাড়খণ্ডে ক্ষমতাসীন কংগ্রেস।
গত সোমবার বিধানসভা অভিমুখে মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এর প্রতিবাদে বিজেপি রাজ্যজুড়ে ধর্মঘট ডাকে।
অনশনে অসুস্থ জেএলকেএম নেতা দেবেন্দ্রনাথ মাহাতো হাসপাতালে চিকিৎসাধীন। আরো চার অনশনকারী শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। সরকার ও শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে ছয় দফা বৈঠক হলেও এখনো অচলাবস্থা কাটেনি।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিয়োগ পরীক্ষা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিলের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে রাজনৈতিক লাভের জন্য ব্যবহারের অভিযোগ করেছেন।
সূত্র: দ্য হিন্দু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


