ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-ভারত সীমান্তের যেসব নদী এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, সেখানে কুমির ও সাপ ছাড়ার একটি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।
তবে এই প্রস্তাব ঘিরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। বাহিনীর সাবেক মহাপরিচালক ও পদ্মশ্রীপ্রাপ্ত প্রকাশ সিং এ উদ্যোগকে নির্বোধ বলে উল্লেখ করেছেন। তার মতে, এমন পদক্ষেপ সীমান্তবর্তী সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তিনি প্রশ্ন তোলেন—কুমির বা সাপ কীভাবে বুঝবে কে বাংলাদেশি আর কে ভারতীয়।
ভারতের কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিজেপি, অভিযোগ করে আসছে যে পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার কারণে বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে। এ প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এমন প্রস্তাব সামনে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিএসএফের এক ঊর্ধ্বতন সূত্র জানায়, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি এসেছে এবং এর বাস্তবায়নযোগ্যতা যাচাই করতে বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনেক কর্মকর্তা এর বিরোধিতা করছেন, কারণ এটি সীমান্তবর্তী মানুষের জীবনকে বিপদের মুখে ফেলতে পারে, বিশেষ করে বন্যার সময়।
এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ১৭৫ কিলোমিটার এলাকা নদী ও দুর্গম অঞ্চল হওয়ায় সেখানে নজরদারি কঠিন বলে দাবি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

