ইসলামিক রিলিফের তথ্যমতে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় গাজায় গড়ে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক এই দাতব্য সংস্থাটি জানায়, গত এক বছরে নিহত হয়েছেন অন্তত এক হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত ৩২০ জন শিশু।
তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে হতাহতের সংখ্যা আরো বেশি। তাদের হিসাবে নিহত এক হাজার ৪৭১ এবং আহত পাঁচ হাজার ১৮৯ জন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট অন্তত ৭৪ হাজার ২৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসলামিক রিলিফ জানিয়েছে, তথাকথিত ‘ইয়েলো লাইন’ (হলুদ রেখা) ব্যবহার করে ইসরাইল ফিলিস্তিনিদের গাজার ৬৫ শতাংশ এলাকা থেকে সরিয়ে দিয়েছে, যার ফলে প্রায় ২১ লাখ মানুষ অবশিষ্ট ৩৫ শতাংশ এলাকায় গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন।
সংস্থাটি আরো জানায়, ইসরাইল আশ্রয়কেন্দ্র তৈরির সামগ্রী, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের ওপর বিধিনিষেধ অব্যাহত রেখেছে। এর ফলে অর্ধেকেরও বেশি স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে এবং ২০ হাজারেরও বেশি গুরুতর অসুস্থ রোগী চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না।
গাজায় কর্মরত ইসলামিক রিলিফের এক ত্রাণকর্মী বলেন, বাস্তবে কোনো যুদ্ধবিরতি নেই।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


