গেম ডেভেলপমেন্ট ট্রফি

অনূর্ধ্ব-১৭ দলকে উড়িয়ে হ্যাটট্রিক জয় অনূর্ধ্ব-১৯ দলের

অনূর্ধ্ব-১৭ দলকে উড়িয়ে হ্যাটট্রিক জয় অনূর্ধ্ব-১৯ দলের

গেম ডেভেলপমেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-১৭ দলকে ১১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রান তোলে অনূর্ধ্ব-১৯। আবদুল্লাহ আল মুহি, কাউসার আহমেদ ও রাকিবুল হাসান রুসাফির ব্যাটে বড় সংগ্রহ পায় তারা।

বিজ্ঞাপন

দুই ওপেনার মুহি ও কাউসার ১০৮ বলে ১১৫ রানের জুটি গড়েন। মুহি ৫২ বলে ৫৯ ও কাউসার ৭৪ বলে ৬৫ রান করেন। পরে রুসাফির ব্যাটসহ টেলএন্ডারদের ছোট অবদানে ২৮৬ রানের পুঁজি পায় অনূর্ধ্ব-১৯। অনূর্ধ্ব-১৭-এর হয়ে মাজেদুল ৩ উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি অনূর্ধ্ব-১৭। পাওয়ার প্লেতে ৪৪ রান তোলেন নূর এ আলম ও আবদুল্লাহ হিল গালিব। নূর ১৩ রানে ফিরলেও অধিনায়ক লরেঞ্জ রায় এক প্রান্ত আগলে ফিফটি করেন। পরে সুজনের ৭৭ বলে ৪৪ রান ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ৫০ ওভারে ১৭১ রানে অলআউট হয় দলটি।

অনূর্ধ্ব-১৯-এর হয়ে রুসাফি ৩ উইকেট নেন। শাকিল খান ও রবিউল হাসান অনিক পান ২টি করে উইকেট। তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অনূর্ধ্ব-১৯। বিপরীতে তিন ম্যাচেই হেরে তিন নম্বরে অনূর্ধ্ব-১৭।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন