রংপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

রংপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
রংপুরের মাছুয়াপাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। পুলিশ প্রাথমিকভারে ধারণা করছে, তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫)-এর নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)। গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার থেকে ওই বাড়ি থেকে পরিবারের কাউকে বাইরে বের হতে দেখা যায়নি। বাড়িটিতে কোনো আলোও জ্বলছিল না। এতে স্থানীয়দের সন্দেহ হলে শনিবার পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সিঁড়ির গেটের তালা ভেঙে ভবনের দ্বিতীয় তলায় প্রবেশ করে চারজনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর লাশ সিঁড়িঘরে পাওয়া যায়। আর তাদের ছেলে প্রীয়মের লাশ পাওয়া যায় একটি খাটের নিচে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, ‘আপাতত আমরা ধারণা করছি, তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ঘটনার খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদ ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কীভাবে এবং কখন চারজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মাছুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন