রক্ত দিয়ে সৌদি আরবের ২০২৬ সালের বার্ষিক জাতীয় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার তিনি রক্তদান করেন। এর মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদানে জনগণকে উৎসাহিত করার বার্তাও দেওয়া হয়েছে।
যুবরাজের এই উদ্যোগ মানবিক কাজ, জনস্বাস্থ্য এবং স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে তোলার প্রতি তার সমর্থনের প্রতিফলন। রক্তদানের মাধ্যমে সামাজিক সংহতি ও মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বও তুলে ধরা হয়েছে।
কর্মসূচিটির মূল লক্ষ্য নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। একই সঙ্গে মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ তৈরি এবং রক্ত ও রক্তের উপাদানের পর্যাপ্ত মজুত নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
সৌদি কর্তৃপক্ষ বলেছে, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগী, ক্যানসারে আক্রান্ত ব্যক্তি, রক্তের বিভিন্ন রোগে ভুগছেন এমন রোগী এবং সংকটাপন্ন মানুষের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। স্বেচ্ছায় রক্তদান বাড়ানো হলে হাসপাতাল ও রক্তব্যাংকে নিরাপদ ও স্থিতিশীল রক্তের সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরবে রক্তদাতার সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। দেশটিতে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি বাড়াতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
২০২৫ সালের জাতীয় রক্তদান কর্মসূচিতেও উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়। ওই কর্মসূচিতে ৬৫ হাজারের বেশি মানুষ রক্তদান করেন, যা দেশটির রক্তব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের অন্যতম উদাহরণ। তাদের ৮৫ শতাংশের বেশি ছিলেন প্রথমবারের মতো রক্তদাতা। ওই কর্মসূচির মাধ্যমে ৬৩ হাজারের বেশি ইউনিট রক্ত, ১০ হাজার ইউনিট প্লাটিলেট এবং ১০ হাজার ইউনিট প্লাজমা সংগ্রহ করা হয়।
সৌদি সরকারের স্বাস্থ্য খাতের সংস্কার কর্মসূচি এবং ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গেও জাতীয় রক্তদান কর্মসূচিটি সামঞ্জস্যপূর্ণ। দেশটির লক্ষ্য স্বেচ্ছায় রক্তদানের হার বাড়িয়ে হাসপাতালগুলোর জন্য নিরাপদ ও টেকসই রক্ত সরবরাহ নিশ্চিত করা। কর্মসূচির মাধ্যমে নিয়মিত রক্তদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে সামাজিক অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সূত্র: আরব নিউজ ও সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


