গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু

গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু
ছবি: সংগৃহীত।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক আগ্রাসনের ফলে অন্তত ৬০ হাজারেরও বেশি শিশু তাদের বাবা অথবা মাকে হারিয়ে এতিম হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই হৃদয়বিদারক তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, গাজায় মোট ৬০,৭৩৭ জন শিশু তাদের মা-বাবার অন্তত একজনকে হারিয়েছে। এর মধ্যে—

বিজ্ঞাপন

• ৫২,০৯৫ জন শিশু তাদের বাবাকে হারিয়েছে,

• ৫,৯২৯ জন শিশু হারিয়েছে তাদের মাকে, এবং

• ২,৭১৩ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়ে সম্পূর্ণ এতিম হয়ে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, যুদ্ধ ও হামলায় অন্তত ২,২৭৬টি পরিবার—যাদের মোট সদস্য সংখ্যা ৮,৮৫৮ জন—সম্পূর্ণরূপে নিহত হওয়ায় সিভিল রেজিস্ট্রি বা সরকারি সনদ থেকে তাদের পুরো বংশের অস্তিত্ব মুছে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাত ও হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত বছরের অক্টোবরে একটি ‘যুদ্ধবিরতি’ সমঝোতা হলেও ইসরায়েলি বাহিনীর হামলা থেমে থাকেনি। চুক্তি স্বাক্ষরের পর থেকেও ধারাবাহিক হামলায় গাজায় আরও ১,১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্র: আলজাজিরা।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন