ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তবে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি শীঘ্রই একটি বার্তা দেবেন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।
ইরানের অন্তত দুটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, আইডিএফ লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে।
ইরানের তাসনিম এবং মেহর সংবাদ সংস্থার পোস্টগুলোতে বলা হয়েছে, বার্তাটি “কয়েক মিনিটের মধ্যেই প্রকাশ করা হবে।”
এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী। গতকাল সোমবার রাতে এক হামলায় সোলাইমানি নিহত হয়েছেন বলে এ দাবি করা হয়েছে।
তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
ইসরাইলি বাহিনীর দাবি, সোলাইমানির এ মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি ‘বড় ধরনের ধাক্কা’।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

