রাঙামাটির ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে

পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে রাঙামাটির জনপ্রিয় পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু। শনিবার দুপুর থেকে সেতুর কাঠের পাটাতন ডুবতে শুরু করে। ঝুঁকি এড়াতে দুপুর থেকে সেতুতে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রাঙামাটি শহরের ডিয়ার পার্ক এলাকায় সেতুটি অবস্থিত। এটি পর্যটন করপোরেশনের আওতাধীন।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা সেতুটি তলিয়ে যাওয়ার খবর নিশ্চিত করে বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শনিবার দুপুর থেকে সেতুটি ডুবতে শুরু করেছে। তাই যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই আপাতত সেতুতে পর্যটকসহ জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বর্তমানে হ্রদে ১০৫.৫৪ এমএসএল পানি রয়েছে। এতে ৫টি ইউনিট থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে হ্রদের পানি বাড়লে সেতুটি তলিয়ে যায়। সেতুটি দেখতে আসা দূরদূরান্তের পর্যটকরা সাময়িক নিষেধাজ্ঞার কারণে কিছুটা হতাশ হয়ে ফিরছেন।

বিশেষ করে গত এক দশক ধরে কাপ্তাই হ্রদের পানিতে প্রতিবছর পর্যটনের ঝুলন্ত সেতুটি ডুবে যায়। হ্রদের তলদেশ ভরাট হয়ে পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় পর্যটনের সেতুটির উচ্চতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়দের।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন