ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি বলেছেন, দক্ষিণ ইরানের জলসীমা থেকে ‘শত্রু বাহিনীকে’ পিছু হটতে বাধ্য করেছে ইরানি বাহিনী। এবার আরব সাগর থেকেও তাদের সরিয়ে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সেক্রেড ডিফেন্স উইক উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি এসব কথা বলেন। ইরান-ইরাক যুদ্ধের স্মরণে প্রতিবছর এই সপ্তাহ পালন করে ইরান। একই সঙ্গে ২০২৪ সালে নিহত হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহর হত্যার বার্ষিকীও স্মরণ করা হয় এ আয়োজনে।
খামেনি বলেন, ইরানের ‘বীর যোদ্ধা’ এবং হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর হামলায় ‘শত্রু’ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এর ফলে তারা দক্ষিণ ইরানের উপকূলীয় জলসীমা থেকে পিছু হটে আরব সাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, আমাদের বীর যোদ্ধা এবং হরমুজ প্রণালির রক্ষকদের হাতে কঠিন আঘাত পাওয়ার পর তারা আরব সাগরের বাইরে যাওয়ার সাহস করছে না।
খামেনির দাবি, শত্রু বাহিনী যখনই ইরানের বিরুদ্ধে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখনই তাদের নিজেদের ক্ষতির মুখে পড়তে হয়েছে।
তিনি আরো বলেন, যখনই তারা এমনটা করার ঝুঁকি নিয়েছে, তখনই নিজেদের ক্ষতি করেছে। আর সেই সময় দ্রুত এগিয়ে আসছে, যখন আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


