চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ডলুখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পুটিবিলা ও চুনতি ইউনিয়নের সীমান্তবর্তী ডলুখালের ওপর নির্মিত বেইলি সেতুটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই উপজেলার প্রায় দুই লাখ মানুষ।
ডলুখালের ওপর নির্মিত এই সেতুর নিচে ও আশপাশ থেকে বছরের পর বছর ড্রেজার ও শ্যালোমেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের পাশাপাশি প্রতিনিয়ত শত শত বালু, মাটি ও গাছবোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে সেতুটির বেহাল অবস্থা হয়ে পড়েছে।
অবকাঠামোগতভাবে দুর্বল হওয়ায় যান চলাচল করার সময় কাঁপনের সৃষ্টি হয়। অধিকাংশ স্থানে লোহার পাতগুলো বেঁকে গেছে। এলাকাবাসী পুটিবিলা, ফারাঙ্গা ও পানত্রিশা এলাকায় শতাধিক শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায় না। ব্রিজের বেহাল অবস্থা হওয়ায় সামান্য রিকশা বা সিএনজি ঝুঁকি নিয়ে চলাচল করে। অতিদ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় ব্রিজটি ভেঙে যেতে পারে। এলজিইডির লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ বলেন, নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অতিভারী যান চলাচল না করার জন্য সতর্কীকরণ হিসেবে একটি ব্যানার দেওয়া হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ-বিন-আখন্দ বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

