ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামকৃত ভারতীয় জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার ও তার সহযোগী বিলাল মিয়ার পরিচয় পাওয়া গেছে। হেলাল মহালদার স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে এবং বিলাল পার্শ্ববর্তী মামদনগর গ্রামের বাসিন্দা।
শনিবার সকালে বাহুবল মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জিরার ট্রাকসহ তাদের আটক করে বলে পুলিশ জানিয়েছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে সরকারি নিলাম থেকে ক্রয়কৃত ১৭১ বস্তা জিরা ট্রাকযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় নিয়ে আটকানো হয়। পরে ট্রাকটি হেলাল মহালদারের বাবার মালিকানাধীন ‘নিরাপদ পেট্রোল পাম্প’-এর পেছনে আটকে রাখেন তারা। সেখানে জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগীরা। বিষয়টি জানার পর জিরার মালিকপক্ষ দ্রুত বাহুবল মডেল থানায় যোগাযোগ করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশক্রমে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও তার সহযোগী বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভুগলী এলাকা থেকে ছিনতাইকৃত জিরার ট্রাকটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

