শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক এবং অ্যাকোডেমিক ভবন ‘ই’ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীজন ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। ছাত্রশক্তির সদস্য সচিব রিয়াজ রিমন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব প্রতিনিধি থাকলেও শিক্ষার্থীদের কথা বলার মতো কোনো প্রতিনিধি নেই। তাই প্রশাসনকে অবিলম্বে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বিগত দিনে রাজনৈতিক সহায়তার বিনিময়ে দায়িত্ব পাওয়ার প্রসঙ্গ টেনে দ্রুত শাকসু নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
সমাবেশে ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার অর্থ সম্পাদক শাকিল মাহমুদ বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই পূর্বে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছিল, যা সবার কাছে পরিষ্কার।
উপাচার্যকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় পাশে রেখে ৯ হাজার শিক্ষার্থীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করুন।
এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আগামী রোববারের মধ্যে শাকসু নির্বাচনের রূপরেখা (রোডম্যাপ) ঘোষণার দাবি জানান। অন্যথায় অতীতের মতো কঠোর আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অচলাবস্থার সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দেন।
জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবরার রাশিদ বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা শিক্ষার্থীরা প্রশাসনের কোনো প্রকার স্বৈরাচারী বা তালবাহানামূলক আচরণ বরদাশত করবে না। প্রশাসন ও সরকারকে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া ও স্পিরিট অনুধাবন করে অবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও সময়সূচি নিশ্চিত করার দাবি জানান তিনি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

