ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে প্রধান দুই আরব রাজনৈতিক জোটকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়; বিষয়টি দেশটির সুপ্রিম কোর্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বুধবার কমিটি মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ‘ইউনাইটেড আরব লিস্ট’ (‘রা’আম) এবং আরব নেতৃত্বাধীন দল হাদাশ, তা’আল ও বালাদ-এর জোট জয়েন্ট লিস্টকে অযোগ্য ঘোষণা করার পক্ষে ভোট দেয়।
কমিটি পৃথকভাবে বালাদ নেতা সামি আবু শেহাদেহ এবং হাদাশের আইনপ্রণেতা ওফের ক্যাসিফকেও নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে। সংশ্লিষ্ট দল ও প্রার্থীরা আদালতে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।
ইসরাইলের ‘বেসিক ল: দ্য নেসেট’ (ইসরাইলের সংসদ বিষয়ক মৌলিক আইন) এর ৭এ ধারায় রাষ্ট্রের ইহুদি ও গণতান্ত্রিক চরিত্র অস্বীকার, বর্ণবাদে উসকানি অথবা সশস্ত্র সংগ্রামকে সমর্থনের অভিযোগে কোনো দল বা প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুযোগ রয়েছে।
রা’ম ও জয়েন্ট লিস্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের নিষিদ্ধের উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আরব নাগরিকদের রাজনৈতিক প্রতিনিধিত্ব সীমিত করার চেষ্টা।
আরব ভোট ইসরাইলের সরকার গঠনের হিসাবেও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক একটি জরিপে জয়েন্ট লিস্টের সাতটি এবং রামের পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে দুই আরব জোট নির্বাচনে অংশ নিতে না পারলে সরকার গঠনের রাজনৈতিক সমীকরণও বদলে যেতে পারে।
এখন সুপ্রিম কোর্টকে নির্ধারণ করতে হবে, দল ও প্রার্থীদের নিষিদ্ধ করার জন্য উপস্থাপিত প্রমাণ আইনগতভাবে যথেষ্ট কি না। আদালতের সিদ্ধান্তই চূড়ান্তভাবে নির্ধারণ করবে তারা অক্টোবরের নির্বাচনের ব্যালটে থাকতে পারবেন কি না।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


