সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
উজ্জ্বল হোসেন ঢাকা জোনে কর্মরত একজন আনসার সদস্য

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টায় শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাঘটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি ঢাকা জোনে কর্মরত একজন আনসার সদস্য, চলতি বছর আনসার ও ভিডিপি সমাবেশে মহাপরিচালকের পদক লাভ করেন। জামালগঞ্জ ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে ছুটিতে আসেন। আজ সকালে মোটরসাইকেলযোগে নানা বাড়ি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে সুনামগঞ্জের ডাবর পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়দের কারো কারো মতে, বাসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ওসি ওলি উল্ল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...