ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক একইভাবে চলমান অর্থনৈতিক যুদ্ধেও যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। রেজাই বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে সফল হিসেবে তুলে ধরার চেষ্টা করে চরমভাবে ব্যর্থ হয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
অর্থনৈতিক সংবাদভিত্তিক ওয়েবসাইট ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনের কথা উল্লেখ করে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের চালানো আগ্রাসনের প্রভাব, বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন বেসেন্ট।
গত কয়েক সপ্তাহে বেসেন্ট গণমাধ্যমে একাধিকবার দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ সফলভাবে কার্যকর হয়েছে এবং এর ফলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বারবার বলেছেন, এই অবরোধ শেষ পর্যন্ত ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় বসতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করবে। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের মোট তেল চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন শুরুর পরপরই ইরান হরমুজ প্রণালিতে বিধিনিষেধ আরোপ করে।
বেসেন্টের এসব দাবি প্রত্যাখ্যান করে রেজাই বলেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে নিলেই কেবল হরমুজ প্রণালি পুনরায় খুলবে।
তিনি বলেন, ‘আপনারা সামরিক যুদ্ধে হেরেছেন। অর্থনৈতিক যুদ্ধেও আপনারা ব্যর্থ হবেন। হুমকি বা চাপ প্রয়োগ করে হরমুজ খোলা যাবে না। ইরান পিছু হটবে না।’
সূত্র: প্রেস টিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


