জাকসুর দাবিতে থিসিস ভাতা ১০ গুণ বাড়ল

জাকসুর দাবিতে থিসিস ভাতা ১০ গুণ বাড়ল
ছবি: আমার দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) দাবির মুখে শিক্ষার্থীদের থিসিস ভাতা সাড়ে সাতশত টাকার পরিবর্তে বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাকসুর ষষ্ঠ কার্যনির্বাহী সভা শেষে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নেতারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জাকসু নেতৃবৃন্দ জানান, গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভায় তাদের জোরালো দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের থিসিস সংক্রান্ত এই বর্ধিত বরাদ্দ অনুমোদন করা হয়।

একই সাথে জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট 'রোডম্যাপ' ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ সময় পর জাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশা যথাসময়ে প্রশাসনের কাছে পৌঁছানোর পাশাপাশি নেতৃত্বের জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সংস্কৃতি শক্তিশালী হবে।

জাকসুর গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪টি মূল দাবি উত্থাপন করা হয়:

জাকসু নির্বাচন নিয়মিত ও নির্ধারিত সময়ের মধ্যে আয়োজনের জন্য একটি সুনির্দিষ্ট নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে। নির্বাচিত জাকসুর মেয়াদ শেষে যাতে দীর্ঘ সময়ের জন্য নেতৃত্ব শূন্যতা তৈরি না হয়, সে লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে তফসিল ঘোষণাসহ পরবর্তী নির্বাচনের আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে।জাকসুর গঠনতন্ত্র ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিতে হবে।

শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাকসুকে আরও কার্যকর করতে প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় ও মতবিনিময়ের ব্যবস্থা করতে হবে।

জাকসু নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নিয়মিত ও অংশগ্রহণমূলক নির্বাচন কেবল শিক্ষার্থীদের প্রতিনিধিত্বই নিশ্চিত করবে না, বরং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতি, জবাবদিহিতা ও নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন