ইরান যুদ্ধকে ঘিরে অনিশ্চয়তার কারণে তেলের দাম বাড়ায় জাপানের নিক্কেই স্টক অ্যাভারেজ (নিক্কেই ২২৫) সূচকের পতন ঘটেছে। এর মধ্য দিয়ে সূচকটি এক মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়ো সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার দুপুরের বিরতির সময় টোকিওর নিক্কেই সূচক দশমিক ৩ শতাংশ কমে যায়। ফলে চলতি সপ্তাহে সূচকটির পতন দাঁড়িয়েছে প্রায় ৪ শতাংশে, যা ১৭ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর সবচেয়ে বড়ো সাপ্তাহিক পতন।
এদিকে, বৃহত্তর টপিক্স সূচকও দশমিক ১ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে সূচকটির পতন দাঁড়িয়েছে ৩ দশমিক ৪ শতাংশ।
নোমুরা সিকিউরিটিজের কৌশলবিদ মাকি সাওয়াদা রয়টার্সকে বলেন, ‘সপ্তাহান্তের আগে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে পারেন। কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত থাকায় তেলের দাম ও বন্ডের সুদহার উভয়ই উচ্চ পর্যায়ে রয়েছে।’
টোকিও স্টক এক্সচেঞ্জের ৩৩টি খাতের মধ্যে শিপিং খাত সবচেয়ে ভালো করেছে। খাতটির শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকায় পণ্য পরিবহনের ভাড়া বাড়তে পারে—এমন প্রত্যাশায় শিপিং কোম্পানিগুলোর শেয়ারে এই ঊর্ধ্বগতি দেখা গেছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


