ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি আবারও ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছে সৌদি আরব। হুথিদের নিয়ন্ত্রণের অবসান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধারে ইয়েমেন সরকারের চলমান অভিযানের প্রতি এই সমর্থন জানানো হয়েছে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
সৌদি মন্ত্রিসভা অভিযোগ করেছে, ইরান-সমর্থিত হুথি মিলিশিয়া শান্তির পরিবর্তে সামরিক উত্তেজনার পথ বেছে নিয়েছে। এতে ইয়েমেনের মানুষের মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ আরো বাড়ছে। হুথিরা আঞ্চলিক নিরাপত্তা এবং দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করে চলেছে।
এর আগে রোববার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি হুথিদের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট ভূখণ্ড পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এরপর ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশজুড়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে ‘মুক্তিযুদ্ধ’ শুরুর ঘোষণা দেয়।
সরকারি বাহিনী পরে কয়েকটি ফ্রন্টে অগ্রগতির দাবি করে। এর মধ্যে কৌশলগত লোহিত সাগরীয় বন্দরনগরী মোকা পুনর্দখলের কথাও জানানো হয়। তীব্র সংঘর্ষ ও বিমান হামলার সহায়তায় শহরটি পুনর্দখল করা হয়েছে বলে দাবি করা হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটও ইয়েমেনের সরকার ও সশস্ত্র বাহিনীকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রিয়াদ ইয়েমেনের পাশে থাকবে।
সূত্র: আল আরাবিয়া
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


