স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতায় সরকারের বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতায় সরকারের বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সাংবাদিকেরা এখন থেকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্ভয়ে ও নির্বিঘ্নে কাজ করবেন।

বিজ্ঞাপন

শুক্রবার নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে ও সভাপতিত্বে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর অরিয়েন্টেশন এবং সদ্য সমাপ্ত এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মানবিক সরকার। গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য এই সরকারের নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম নিয়ন্ত্রণের যেকোনো উদ্যোগ থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকবে। কীভাবে এটিকে আরও স্বাধীন করা যায়, সে বিষয়েও প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।’

সাংবাদিকতার মানোন্নয়ন ও অপসাংবাদিকতা রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। পাশাপাশি সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখতে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে জনগণ সঠিক ও দায়িত্বশীল সংবাদ পায়।

বাক্‌স্বাধীনতার নামে কাউকে হেয় করা কিংবা কারও জন্য সামাজিক হুমকি তৈরি হয়—এমন লেখালেখি থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতাও জরুরি।বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমরা বিচার বিভাগকে স্বাধীন দেখতে চাই। এখানে কোনো হস্তক্ষেপ করতে চাই না। অতীতে ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। বর্তমান সরকার বিচার বিভাগে কোনো নির্দেশ বা নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না। বিচার বিভাগ স্বাধীনভাবে চলবে। কোনো অনিয়ম দেখলে আপনারা (সাংবাদিকেরা) আওয়াজ তুলবেন, আমরাও সেটাই চাই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ ছাড়া নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন