নতুন আয়োজনে আট ব্যান্ড ও ১২ শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর ২০ গান

নতুন আয়োজনে আট ব্যান্ড ও ১২ শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর ২০ গান

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে তার জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশিত হতে যাচ্ছে। ‘উত্তরাধিকার’ শিরোনামের বিশেষ এই অ্যালবামটি ডাবল সিডির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পাবে।

বিজ্ঞাপন

অ্যালবামটিতে আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’র মতো শ্রোতাপ্রিয় গান নতুন করে পরিবেশন করেছেন দেশের আটটি ব্যান্ড ও ১২ জন শিল্পী।

জানা গেছে, ‘রুপালি গিটার’ গেয়েছে দলছুট, ‘নীল বেদনা’ আরবোভাইরাস, ‘গতকাল রাতে’ সোনার বাংলা সার্কাস, ‘চলো বদলে যাই’ শুভযাত্রা, ‘চাঁদ মামা’ ক্যালিপসো, ‘অচেনা জীবন’ রকসল্ট, ‘মাধবী’ ডোপামিন এবং ‘মন চাইলে মন’ গেয়েছেন এ কে রাহুল।

অন্যদিকে একক শিল্পীদের মধ্যে বাবনা করিম ও রাসেল আলী ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’, জয় শাহরিয়ার ‘কষ্ট কাকে বলে’, অদিত ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’, অটামনাল মুন ‘হকার’, কনক আচার্য ‘নীরবে’ এবং তওফিক-এবি-মেনন ‘বাংলাদেশ’ গানটি পরিবেশন করেছেন।

অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল। প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু করার ইচ্ছা থেকেই তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা যোগাযোগ করেন। এরপর আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশের প্রস্তাব আসে। আলোচনা শেষে ২০টি গান নিয়ে চূড়ান্ত হয় ‘উত্তরাধিকার’ অ্যালবামের কাজ।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন