সংগীতশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন গান। ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মেধাবী সংগীত পরিচালক সজীব দাস। গোলাম মোরশেদের কথায় শিগগিরই গানটি ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ মুক্তি পেতে যাচ্ছে।
সংগীতভিত্তিক এই জুটির এর আগের গানগুলো শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। ২০১৯ সালে প্রকাশিত জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’ ছাড়াও ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ও ‘চোখের জলে’ সহ বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পায়। ফাহমিদা নবী জানান, সজীব দাসের সুরে তাঁর গাওয়া ২০টি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং আরও প্রায় ৪০টি গান সামনে প্রকাশের অপেক্ষায় আছে।
নতুন গান ও সজীব দাসের কাজ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, “প্রখ্যাত সংগীতসাধক লাকী আখন্দের মাধ্যমেই সজীবের গানে হাতেখড়ি। ও ভীষণ নীরবে ও নিভৃতে কাজ করে যেতে ভালোবাসে। আমাদের আড্ডাগুলোতে মূলত গান এবং কাজের ভুলত্রুটি শুধরে নেওয়ার বিষয়গুলোই উঠে আসে। সজীবের সুরে ‘ভালোবাসা চাইতে গেলে’ গানটি মানুষের মন ছুঁয়ে যাবে—আমি এটি নিয়ে ভীষণ আশাবাদী।”
সংগীত পরিচালক সজীব দাস নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘শ্রদ্ধেয় ফাহমিদা আপা আমার ওপর অনায়াসে আস্থা রাখেন, এটাই আমার অনেক বড় আশীর্বাদ। আমি সবসময় চেষ্টা করি তাঁর জন্য আমার সেরা কাজটা উপহার দিতে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

