চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে টয়োটা নোয়া মাইক্রোবাস ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। পরে পরিত্যক্ত ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
শনিবার রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশ সুপার বলেন, সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া শুরু করে। একপর্যায়ে গাড়িতে থাকা অজ্ঞাতনামা মাদক কারবারিরা কৌশলে মাইক্রোবাসটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়।
মাসুদ আলম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, চেকপোস্ট পরিচালনা ও বিশেষ অভিযানসহ বহুমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদকদ্রব্যের সরবরাহ, পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্র শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন এবং সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

