রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান এবং শর্টগানের দুটি তাজা কার্তুজসহ পুলিশের ওপর হামলা ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন—পাংশা উপজেলার কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া ওরফে মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে চরঝিকড়ী এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান চালিয়ে একটি সচল পাইপগান এবং শর্টগানের দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বাদী হয়ে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা করেছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মনজুর মিয়া ওরফে মঞ্জুর বিরুদ্ধে দুটি হত্যা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মারামারির মামলা রয়েছে। অপরদিকে, শরীফ মোল্লার বিরুদ্ধে একটি দস্যুতা এবং পুলিশকে আক্রমণের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

