ডারউইনে প্রথম টেস্টে দুর্দান্ত জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে বাংলাদেশ। এবার ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্যে প্রথম টেস্টের সাফল্যের কৌশলই ধরে রাখতে চান বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
বৃহস্পতিবার ম্যাকাইয়ে দলের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনার কথা জানান সিমন্স। তাঁর মতে, দীর্ঘ সময় ব্যাটিং করে বড় সংগ্রহ গড়তে পারলে স্বাগতিকদের ওপর চাপ তৈরি করা সম্ভব।
সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা, আর এই পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল নিশ্চিতভাবেই চাপে পড়বে। টেস্ট ক্রিকেট খেলাটা আমি এভাবেই শিখেছি।’
প্রথম ইনিংসে বড় স্কোর গড়ার ওপরও গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের কোচ। তাঁর ভাষায়, ‘আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন, প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো। এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। আমরাও সেটাই করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান তুলতে চেষ্টা করছি এবং এটা নিশ্চিত করতে চাই যেন আমাদের স্কোরে পৌঁছাতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।’
ডারউইন টেস্টে বাংলাদেশের জয় ছিল ৯ উইকেটের ব্যবধানে। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য শান্তদের। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরার জন্য মরিয়া থাকবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট ম্যাকাইয়ের মারারা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

