জম্মু ও কাশ্মীরের বিতর্কিত মানচিত্র নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারতের একতরফা পদক্ষেপ ও অব্যাহত দখলদারত্ব জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদা পরিবর্তন করতে পারে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির জবাবে তিনি এই মন্তব্য করেন। ওই বিবৃতিতে বিতর্কিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী চিত্রিত করার আহ্বান জানানো হয়েছিল।
হায়দার খান বলেন, জাতিসংঘের মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে বিতর্কিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে এবং এর বর্তমান আইনগত অবস্থার ক্ষেত্রে জাতিসংঘের মানচিত্রই প্রাসঙ্গিক। ভারতের সরকারি মানচিত্র বা একতরফা সার্বভৌমত্বের দাবি বিতর্কিত ভূখণ্ডটির মর্যাদায় কোনো প্রভাব ফেলবে না।
পাকিস্তানের দাবি, কাশ্মীর বিরোধ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা দীর্ঘদিনের অমীমাংসিত আন্তর্জাতিক বিরোধগুলোর একটি। জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুযায়ী, কাশ্মীরের চূড়ান্ত মর্যাদা জনগণের অবাধ ও নিরপেক্ষ মতামতের ভিত্তিতে নির্ধারণ করা উচিত।
এদিকে, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতশাসিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ভারতকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ ৪ সেপ্টেম্বর একটি নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে, যা আফ্রিকা মহাদেশকে বড় করে এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট করে দেখানো হয়েছে, যা ক্ষোভের জন্ম দিয়েছে।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


