ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত বন্দরনগরী ‘বন্দর ইমাম খোমেনি’র আকাশে একটি শত্রুপক্ষের ড্রোন গুলি করে নামিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে বলে তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক বিবৃতিতে জানানো হয়েছে।
আইআরজিসির স্থানীয় ইউনিট জানায়, চালকবিহীন এই আকাশযানটিকে শনাক্ত করার পরপরই শহরের আকাশসীমায় প্রতিহত ও ধ্বংস করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ বন্দর ইমাম খোমেনি এলাকার একটি আবাসিক বাড়ির ওপর গিয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ঘটনার পরপরই আইআরজিসির একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে সব ধরনের ঝুঁকিপূর্ণ উপাদান নিষ্ক্রিয় করে তা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

