ময়মনসিংহে ২৫০ শয্যাবিশিষ্ট নতুন জেলা হাসপাতাল স্থাপনের সুপারিশ করেছে সরকারের ‘হাসপাতাল নির্মাণ ও শয্যাসংখ্যা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কমিটি’। কমিটির সভায় জেলার জনসংখ্যা, বিদ্যমান চিকিৎসাসেবার ওপর চাপ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সভার কার্যবিবরণীতে এসব তথ্য উঠে এসেছে।
সভায় ময়মনসিংহ জেলার জন্য প্রথমে ১ হাজার শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা করেন ময়মনসিংহের তৎকালীন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ । কার্যবিবরণীতে বলা হয়েছে, ময়মনসিংহ জেলার সাতটি উপজেলার মানুষ চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভরশীল। এ কারণে হাসপাতালটিতে রোগীর চাপ অত্যন্ত বেশি। সভায় জেলার চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডা. ফয়সল আহমেদ বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বেড অকুপেন্সি রেট দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে জেলার মানুষের জন্য আলাদা জেলা হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা অনেক বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোতে শয্যার ওপর চাপও বাড়ছে। ফলে সরকারি হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানো জরুরি। সভায় আরও বলা হয়, দেশের বিভিন্ন জেলায় ২৫০ শয্যার হাসপাতাল থাকলেও ময়মনসিংহে এ ধরনের জেলা হাসপাতাল নেই। এ অবস্থায় ময়মনসিংহে ২৫০ শয্যার হাসপাতাল স্থাপন করা যেতে পারে বলে মত দেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
বিস্তারিত আলোচনা শেষে কমিটি ময়মনসিংহে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল স্থাপনের সুপারিশ করে। অর্থাৎ প্রাথমিকভাবে ১ হাজার শয্যার হাসপাতালের প্রস্তাব নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত ২৫০ শয্যার হাসপাতাল স্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে।
সভায় ময়মনসিংহের পাশাপাশি বান্দরবান জেলার থানচি উপজেলায় ২০ শয্যার হাসপাতাল স্থাপন এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়েও আলোচনা ও সুপারিশ করা হয়। তবে ময়মনসিংহের ক্ষেত্রে জেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার চাহিদা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর অতিরিক্ত চাপের বিষয়টি গুরুত্ব পায়।
সংশ্লিষ্টদের মতে, ময়মনসিংহে ২৫০ শয্যার জেলা হাসপাতাল স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার সাধারণ মানুষের জন্য সরকারি চিকিৎসাসেবার সুযোগ বাড়বে। একই সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর দীর্ঘদিনের অতিরিক্ত রোগীর চাপও অনেকটা কমানো সম্ভব হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

