সংবাদ সংগ্রহে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দুই সাংবাদিককে হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বেলা ৩টার ঘটনার পর রাত ৩টার দিকে সদর দক্ষিণের বিজয়পুর থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ।
আটক ব্যক্তি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুরের সেলিম মিয়ার ছেলে শাওন ।
তিনি জানান, ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই আসামি। থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে ডিবি। রাত প্রায় ৩টায় তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আমরা ওই আসামিকে গ্রেপ্তার করি। তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
আসামি গ্রেপ্তারের পর কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীকে গ্রেপ্তারে আমরা জেলা পুলিশ সুপার ও ডিবি পুলিশকে ধন্যবাদ জানাই। অপরাধীরা আইনের আওতায় এলে দ্রুতই অপরাধ কমে আসবে। সাংবাদিকদের ওপর হামলা করার ধৃষ্টতাও ভবিষ্যতে কেউ দেখানোর সাহস করবে না।
এর আগে, দুপুরে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফের ওপর হামলার ঘটনা ঘটেছে। জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক তানভীর দিপু জানান, ‘বুধবার দুপুরে আমরা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় আমরা পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে উঠতে যাচ্ছিলাম। এ সময় সড়কের সামনে স্থানীয়দের তৈরি করা লোহার ব্যারিকেডের মধ্যে কয়েকটি গাড়ি আটকে পড়ে। এতে সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে আমি যানজটের কারণ জানতে সামনে এগিয়ে যাই এবং লোহার ব্যারিকেডটি ওপরের দিকে ধরে একটি একটি করে গাড়ি সরে যেতে সহযোগিতা করি। এরই মধ্যে স্থানীয় শাওন নামের এক যুবক এসে কেন যানজট নিরসন করছি এবং মানুষকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছি, এটি নিয়ে আমার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে যায়। একপর্যায়ে সে আমার গায়ে ধাক্কা দেয়। পরে আমাকে সেইভ করার জন্য সহকর্মী মারুফ এসে আমাদের ছাড়িয়ে নিয়ে আসেন।’
তিনি বলেন, ‘এ সময় উগ্র ছেলেটা কোনো কারণ ছাড়াই রড হাতে নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। আমরা অনেক চেষ্টা করেছি তাকে ফেরানোর। স্থানীয় লোকজন তাকে নিয়ে যায়। আমরাও আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছিলাম। এ সময় হুট করে এসে পেছন থেকে আঘাত করে। এতে মারুফ সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আমি এগিয়ে গেলে সে আমার ওপর হামলা করে।’
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, আসামি শাওনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাকে আদালতে পাঠানো হবে ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

