খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে এই মুহূর্তে কোনো খাদ্যের ঘাটতি নেই এবং পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখার পাশাপাশি তার সঠিক সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় অবস্থিত খাদ্যগুদাম এবং সাটুরিয়া খাদ্যগুদাম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী গুদামের পরিবেশ, খাদ্যশস্যের মজুত পরিস্থিতি, সঠিক সংরক্ষণব্যবস্থা এবং সংশ্লিষ্ট নথিপত্র পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেন। একই সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনায় যেন কোনো প্রকার অনিয়ম বা গাফিলতি না হয়, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক করে দেন।
পরে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে দেশের সব খাদ্যগুদাম পরিদর্শন করা হবে। ভবিষ্যতে যেকোনো সিন্ডিকেটকারী ও খাদ্য বিতরণে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাদ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় খাদ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ করা যায়। পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা গুদামের বর্তমান মজুত ও সার্বিক ব্যবস্থাপনা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবগিত করেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

