হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন

হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন
ছবি: আনাদোলু

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে নৌমাইনে আঘাতের দুটি সুপারট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সেগুলো অচল হয়ে যায় এবং নাবিকেরা জাহাজ ছেড়ে যেতে বাধ্য হন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, জাহাজ দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথের দক্ষিণাংশ দিয়ে ‘অনুমোদনহীন রুটে’ চলাচলের চেষ্টা করছিল।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির ইঞ্জিনকক্ষে বিস্ফোরণ ও তীব্র অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর ইঞ্জিন অচল হয়ে পড়ে। এতে ট্যাংকার দুটি চলাচলের অযোগ্য হয়ে সাগরে আটকা পড়ে।

আইআরজিসির দাবি, জাহাজ দুটিতে সম্মিলিতভাবে ৪৫ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল।

বিবৃতিতে আরো বলা হয়, পরে হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি এলাকায় জাহাজ দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং নাবিকেরা সেগুলো ছেড়ে চলে যান।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এটি।

জলপথটির নিয়ন্ত্রণ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান বারবার সতর্ক করে বলেছে, দেশটির বিবেচনায় ‘অননুমোদিত’ রুট দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন