ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব শহরের উপকণ্ঠে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে অন্তত ৮০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। সেনাবাহিনীর সামরিক গণমাধ্যম বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি জানান, গত ২৪ ঘণ্টায় হারেব, মালা ও উম রাইশ এলাকায় হুথিদের হামলা প্রতিহত করা হয়েছে এবং তাদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
সরকারি বাহিনী বিমান ও ড্রোনের সহায়তায় হুথিদের অবস্থানে হামলা চালিয়েছে। হুথিরা পিছু হটলেও হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এর আগে হুথি নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ৫০ যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মারিবে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ইয়েমেনি বসবাস করেন। শহরটি দেশটির গুরুত্বপূর্ণ তেল-গ্যাসক্ষেত্র ও বিদ্যুৎকেন্দ্রের কাছেও অবস্থিত। ২০২২ সালের জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতির পর হুথিদের বড় ধরনের মারিব অভিযান থেমে থাকলেও সাম্প্রতিক সময়ে সেখানে আবারও সংঘর্ষ বেড়েছে।
এদিকে তায়েজ ও লাহজ প্রদেশেও সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই চলছে। লাহজের কাহবুব পাহাড় এলাকায় হুথিদের একটি হামলা প্রতিহত এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সরকারি বাহিনী। কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এলাকাটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: আরব নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


