সরাইলে জাতীয় মৎস্য দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সরাইলে জাতীয় মৎস্য দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনসুর আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কার্যালয়ের মোহাম্মদ জসীমউদ্দীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আনিসুদ্দিন ঠাকুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরো বলেন, পরিকল্পিতভাবে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা করা গেলে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এ জন্য মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণ ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমিতি ও ব্যক্তির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন