‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী সৈয়দা সাদিয়া ইসলামকে (২২) পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
এ ঘটনায় বুধবার প্রিয়া আক্তার নামে এক ভুক্তভোগী নারী নেত্রকোনা সদর মডেল থানায় প্রতারণা মামলা করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল।
গ্রেপ্তার সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আবুল খায়ের।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সাদিয়া আক্তার সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বেশ কয়েকজন নারীর কাছ থেকে জনপ্রতি ৩ হাজার টাকা করে আদায় করেন। পরবর্তীতে তার কার্যকলাপ নিয়ে সন্দেহ দেখা দিলে ভুক্তভোগী ও স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে নেত্রকোনা সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, স্থানীয় লোকজনের তথ্যমতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
দলীয় নেত্রীর বিরুদ্ধে মামলার বিষয়টিতে এনসিপির জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধে যুক্ত থাকে, তার দায় সংগঠন নেবে না। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। অভিযোগ প্রমাণি হলে সাদিয়ার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

