চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত টেস্তার মোবারককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ফটিকছড়ি থেকে টেস্তার মোবারককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পরও এলাকায় পুলিশের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, টেস্তার মোবারক দীর্ঘদিন ধরে ফটিকছড়ি ও আশপাশের এলাকায় সক্রিয় ছিলেন। তিনি ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রের ব্যবহার ও আধিপত্য বিস্তার নিয়ে পুলিশের নজরদারিতে থাকা ব্যক্তিদের মধ্যে তার নামও ছিল। ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই ধারাবাহিকতায় টেস্তার মোবারককে গ্রেপ্তার করা হলো।
এর আগে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছিলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ডেভিড ইমনকে গ্রেপ্তারের ক্ষেত্রেও জেলা গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন ধরে কাজ করেছে বলে তিনি জানান।
মাসুদ আলম বলেন, পুলিশের কাজের দুটি দিক—ডিটেকটিভ ও প্রতিরোধ। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের মাধ্যমে পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনছে। তার দাবি, ডেভিড ইমনকে গ্রেপ্তারের আগে গোয়েন্দারা দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ ও নজরদারি করেছে।
চট্টগ্রাম নগর ও জেলায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগের মধ্যে টেস্তার মোবারকের গ্রেপ্তারের খবর এলো। বিশেষ করে ফটিকছড়ি, রাউজানসহ জেলার বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘অভিযান এখনো চলমান।’
তবে টেস্তার মোবারকের বিরুদ্ধে আগে থেকে কী কী মামলা রয়েছে, উদ্ধার করা দেশীয় অস্ত্রের ধরন কী এবং তিনি সাম্প্রতিক কোন কোন ঘটনায় জড়িতÑএসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

