হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। এরই মধ্যে আজ রোববার সকালে ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

এর আগে শনিবার ইরানের নিরাপত্তা বাহিনী জানায়, অন্তত তিনটি জাহাজে আগুন ধরে যায়। এর মধ্যে দুটি জাহাজ হরমুজ প্রণালি ও এর আশপাশে সমুদ্রের তলদেশে পুঁতে রাখা মাইনে আঘাতপ্রাপ্ত হয়।

বিজ্ঞাপন

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, গত ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অন্তত ১৪টি জাহাজে হামলা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর এক সপ্তাহে এটিই সর্বোচ্চসংখ্যক হামলার ঘটনা।

১১ অক্টোবর এক দিনেই অন্তত ছয়টি জাহাজে হামলা চালানো হয়। এসব হামলার ফলে ১ মার্চ থেকে এখন পর্যন্ত সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত নথিভুক্ত ঘটনার সংখ্যা বেড়ে অন্তত ১৪৯টিতে দাঁড়িয়েছে।

একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা কমে ৪২টিতে নেমে এসেছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬০। এসব জাহাজের অধিকাংশই জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহন করছিল।

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ পুনর্বহালের পর থেকে তারা অন্তত ১৩৮টি জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন