স্পেনে পেশাদার ক্লাবের মালিক হচ্ছেন মেসি

স্পেনে পেশাদার ক্লাবের মালিক হচ্ছেন মেসি

ফুটবল মাঠে রাজত্ব করার পর এবার ক্লাব মালিকানাতেও নিজের পরিধি বাড়াচ্ছেন লিওনেল মেসি। স্পেনে আরও একটি ফুটবল ক্লাব কিনতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে ইন্টার মিয়ামির এই তারকার সঙ্গে প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।

বিজ্ঞাপন

তবে এলদেন্সের মালিকানা এখনই মেসির হাতে যাচ্ছে না। চুক্তি সম্পন্ন হওয়ার আগে বেশ কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। সম্ভাব্য চুক্তির আওতায় প্রয়োজনীয় আর্থিক ও আইনি যাচাই-বাছাই শেষ করতে হবে। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও নিতে হবে।

বর্তমানে এলদেন্সের মালিকানা রয়েছে কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের হাতে। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও একাধিক ফুটবল ক্লাবের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির। সব প্রক্রিয়া শেষ করে চুক্তি সম্পন্ন হলে স্পেনে মেসির মালিকানাধীন ক্লাবের সংখ্যা দাঁড়াবে দুটি।

চলতি বছরই স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানা নিয়েছেন মেসি। তবে কর্নেয়া এখনো আধা-পেশাদার পর্যায়ের দল। সেই তুলনায় এলদেন্সের মালিকানা মেসিকে স্পেনের একটি পেশাদার ফুটবল ক্লাবের সরাসরি মালিক বানাবে। অর্থাৎ খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ফুটবলে দীর্ঘদিন রাজত্ব করার পর এবার ক্লাব মালিক হিসেবেও দেশটির ফুটবলে নতুন অধ্যায় শুরু হতে পারে তাঁর।

ক্লাব মালিকানায় মেসির আগ্রহ অবশ্য শুধু স্পেনেই সীমাবদ্ধ নয়। ইন্টার মিয়ামিতে তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সঙ্গেও আংশিকভাবে যুক্ত রয়েছেন আর্জেন্টাইন তারকা।

সব মিলিয়ে খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ অধ্যায়ের পাশাপাশি ফুটবলের ব্যবসায়িক দিকেও নিজের প্রভাব বাড়াচ্ছেন মেসি। এলদেন্সের চুক্তি চূড়ান্ত হলে স্পেনের পেশাদার ফুটবলে মালিক হিসেবে তাঁর নতুন পরিচয় যুক্ত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন