সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ আলী (৪২) নামের এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার সকালে শহরের কামালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ইউনুছ আলী ওই এলাকার মৃত রহমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালেও জীবিকার তাগিদে ঝালমুড়ি বিক্রির উদ্দেশ্যে ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন ইউনুছ আলী। বাড়ি থেকে বের হওয়ার সময় পাশের একটি মুরগির খামারের টিনের চালের সঙ্গে তার ভ্যানগাড়ির স্পর্শ লাগে। টিনের চালটি আগে থেকেই অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে থাকায় ভ্যানগাড়িটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইউনুছ আলী দীর্ঘদিন ধরে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে পরিবার চালিয়ে আসছিলেন। তার এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন