হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাংকার এল গাইয়া নৌমাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের হামলায় জাহাজটি অচল হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ট্যাংকারটিতে ইরান দুই দফা হামলা চালিয়েছে বলেও জানিয়েছে তারা।
সোমবার এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, গত মাসে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এল গাইয়া অচল হয়ে যায়। এরপর চলতি সপ্তাহান্তে ওমানের উপকূলের কাছে অবস্থানরত ট্যাংকারটিতে আবার হামলা চালায় ইরান। এবার ড্রোন দিয়ে হামলা করা হয় বলে দাবি করেছে সেন্টকম।
সেন্টকমের ভাষ্য, বর্তমানে আঞ্চলিক একটি অংশীদার দেশের সহায়তায় ট্যাংকারটি টেনে নেওয়া হচ্ছে।
এর আগে আইআরজিসি দাবি করেছিল, এল গাইয়া হরমুজ প্রণালিতে একটি নৌমাইনে আঘাত পেয়েছে। সেন্টকম সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
সেন্টকম বলেছে, আইআরজিসির এই দাবি ‘মিথ্যা’। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে এমন দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
সেন্টকম আরো বলেছে, বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করতে আইআরজিসির ‘মিথ্যা দাবি’ ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা নতুন নয়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

