অনিবার্য পতনের মুখে ইসরাইল, সাবেক সেনা কমান্ডারের সতর্কবার্তা

অনিবার্য পতনের মুখে ইসরাইল, সাবেক সেনা কমান্ডারের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

ইসরাইলের সাবেক মেজর জেনারেল ইতজাক ব্রিক সতর্ক করে বলেছেন, তাদের সামরিক বাহিনী, অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘অনিবার্য পতনের’ মুখে রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বৈধতা ও মিত্রদের সমর্থন হারিয়ে দেশটি এখন ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন এভাবে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা নিয়ে টিকে থাকা ইসরাইলের পক্ষে সম্ভব হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার ইসরাইলের দৈনিক মারিভে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে ব্রিক বলেন, ইসরাইলের বর্তমান পরিস্থিতি নিছক রাজনৈতিক সংকট নয়; বরং এটি রাষ্ট্রের সামগ্রিক পতনের চিত্র।

বিজ্ঞাপন

গত মঙ্গলবারের পার্লামেন্ট নির্বাচনকে তিনি ‘আমরা যে ইসরাইলকে চিনতাম, তার আনুষ্ঠানিক মৃত্যু সনদ’ হিসেবে অভিহিত করেন। তার মতে, টেলিভিশন ভাষ্যকাররা আসনসংখ্যা ও সরকার গঠনের সমীকরণ নিয়ে ব্যস্ত থাকলেও দেশের গভীর সংকটগুলো উপেক্ষা করছেন।

এ ধরনের সংবাদ বিশ্লেষণকে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার শেষ মুহূর্তে অর্কেস্ট্রা বাজিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেন তিনি।

ইসরাইলি সামরিক কলেজগুলোর সাবেক কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসদস্যদের অভিযোগবিষয়ক ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করা ব্রিক বলেন, ইসরাইল এখন আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে।

তিনি লেখেন, ‘আমরা আন্তর্জাতিক বৈধতা ও মিত্রদের সমর্থন হারিয়েছি।’ সম্পূর্ণ আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে দীর্ঘদিন দেশটির টিকে থাকা সম্ভব নয় বলেও সতর্ক করেন তিনি।

ইসরাইলের স্থলবাহিনীর কাঠামোগত বিপর্যয় ও মনোবলের ভাঙন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্রিক। তার দাবি, দেশের ভেতরে ও বাইরে থেকে একযোগে আসা হুমকি মোকাবিলার সক্ষমতা ইসরাইলি বাহিনীর আর নেই।

তিনি সতর্ক করে বলেন, দীর্ঘদিনের যুদ্ধে ক্লান্ত একটি সেনাবাহিনীর পক্ষে বড় ধরনের অনুপ্রবেশ ঠেকানো কিংবা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ব্রিক বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইসরাইলের জাতীয় ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার কোটি শেকেলে (৪৪৫ বিলিয়ন ডলার)। তার অভিযোগ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহে বিধিনিষেধ এবং ক্রমবর্ধমান আর্থিক বিচ্ছিন্নতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

দেশের অভ্যন্তরীণ বিভাজন প্রসঙ্গে ব্রিক বলেন, ইসরাইলি সমাজে এখন শুধু মেরুকরণ নয়, বরং একধরনের ‘নীরব গৃহযুদ্ধ’ চলছে।

তার দাবি, চিকিৎসক, বিজ্ঞানী, প্রযুক্তি উদ্যোক্তা এবং অন্যান্য দক্ষ পেশাজীবীরা দেশ ছাড়ছেন। এর ফলে কয়েক দশকের প্রচেষ্টায় গড়ে ওঠা দক্ষ জনশক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান হারাচ্ছে ইসরাইল।

ব্রিক রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে আইনের শাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়ার অভিযোগও তোলেন। তার মতে, যোগ্যতা ও সততার পরিবর্তে রাজনৈতিক আনুগত্য এবং প্রশ্নহীন সমর্থনকে নিয়োগ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে।

এদিকে, ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টিসহ বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন