কাতার উপকূলে ট্যাংকারে হামলা, বেশ কয়েকজন হতাহত

কাতার উপকূলে ট্যাংকারে হামলা, বেশ কয়েকজন হতাহত
ছবি: আল জাজিরা

কাতারের উত্তর উপকূলের কাছে একটি ট্যাংকারে একাধিক প্রজেক্টাইল আঘাত হানার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বুধবার এ তথ্য জানিয়েছে।

ইউকেএমটিও জানায়, কাতারের মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার (৫৮ মাইল) উত্তরে ট্যাংকারটিতে একাধিক প্রজেক্টাইল আঘাত হানে।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে কোনো সংখ্যা জানায়নি ইউকেএমটিও। সংস্থাটি বলেছে, ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার শিকার জাহাজটির মালিকানা বা পতাকাবাহী দেশের বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পারস্য উপসাগরের মাঝামাঝি এলাকায় কোনো জাহাজে হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। বাণিজ্যিক জাহাজ চলাচলবিষয়ক সাময়িকী দ্য মেরিটাইম এক্সিকিউটিভ জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরের পশ্চিম অংশে কোনো ট্যাংকারে হামলার এটিই প্রথম খবর।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাতার। ঘটনাটি কাতারের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) মধ্যে ঘটেছে।

সাম্প্রতিক সময়ে জাহাজে হামলার ঘটনা বেশি ঘটেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে। সরু এই জলপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...