সিরিয়ার পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহব্যবস্থা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারত্ব করেছে সৌদি প্রযুক্তি কোম্পানি ক্যাশইন। সৌদি আরব ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরো গভীর করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার দামেস্কে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশিরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সিরিয়ার জ্বালানি সরবরাহব্যবস্থার জন্য একটি সমন্বিত জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এতে জ্বালানি উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিতরণ থেকে শুরু করে ফিলিং স্টেশন এবং আর্থিক লেনদেন—পুরো সরবরাহব্যবস্থা একটি অভিন্ন ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।
ক্যাশইন সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব পালন করবে। ‘ফিল্ড-টু-ব্যাংক’ পদ্ধতিতে বাস্তব জ্বালানি কার্যক্রমের সঙ্গে আর্থিক প্রবাহকে যুক্ত করা হবে এবং পুরো সরবরাহব্যবস্থার তথ্য একটি সমন্বিত প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হবে।
এর মাধ্যমে জ্বালানি খাতের কার্যক্রম আরো দক্ষ করার পাশাপাশি পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, তথ্যের ওপর নজরদারি এবং পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহ ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্য রয়েছে। প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর সমাধান ব্যবহারেরও সুযোগ থাকবে।
সিরিয়ার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টার মধ্যেই সৌদি-সিরিয়া এ সহযোগিতা হলো। গত আগস্টে সিরিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে তিনটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। এসব প্রকল্পের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৭৬০ মেগাওয়াট এবং ব্যাটারি শক্তি সংরক্ষণ সক্ষমতা ১ হাজার ৭৭ মেগাওয়াট-ঘণ্টা।
২০২৫ সালের জুলাইয়ে সৌদি আরব ও সিরিয়ার মধ্যে তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, বিদ্যুৎ, বিদ্যুৎ সংযোগ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের চুক্তিকে সেই বৃহত্তর জ্বালানি সহযোগিতার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

